Published in Anandabazar Patrika 9th August 2026
বিশ্বের শ্রেষ্ঠ আলোর খেলায়
আপনার মঞ্চ কোনটি?
নর্দার্ন লাইটস
আমরাই আলোকিত করি আপনার পৃথিবী
কিছু কিছু ভ্রমণ আমাদের পৃথিবীকে নতুন চোখে দেখতে শেখায়।
আবার কিছু কিছু অভিজ্ঞতা এমন, যা একবার দেখেই ‘বাকেট লিস্ট’ থেকে কেটে দেওয়া যায় না। নর্দার্ন লাইটস তেমনই এক বিস্ময়। হয়তো তার কারণ, এই আলোর খেলা কখনও মানুষের নির্দেশে ধরা দেয় না। তার এই অনিশ্চয়তাই যেন তার সবচেয়ে বড় আকর্ষণ। তাই নর্দার্ন লাইটসে ভ্রমণ শুধু তাকে দেখার নয়, তাকে খুঁজে পাওয়ারও। আর সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত যখন সত্যিই এসে যায়, তখন তা আজীবনের স্মৃতি হয়ে থাকে। দিগন্তে ধীরে ধীরে ফুটে ওঠে সবুজ আলোর সরু এক ফিতা। তারপর মুহূর্তেই আকাশ ভরে ওঠে পান্না-সবুজ, বেগুনি, গোলাপি আর রক্তিম আলোর নৃত্যে। নিঃশব্দে, অথচ অপার্থিব সৌন্দর্যে, যেন প্রকৃতি নিজেই মঞ্চস্থ করছে এক অনবদ্য ব্যালে। সূর্য থেকে ছুটে আসা আধানযুক্ত কণাগুলি প্রায় ১৫ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে জন্ম নেয় এই মোহময় আলোর বিস্ময়।
নর্দার্ন লাইটসের সন্ধানে বেরিয়ে পড়া শুধু একটি গন্তব্যে পৌঁছনোর গল্প নয়। প্রতিটি দেশ, প্রতিটি প্রান্ত তার নিজস্ব সৌন্দর্য আর অভিজ্ঞতার দরজা খুলে দেয়। স্ক্যান্ডিনেভিয়ার নৃত্যরত আকাশের নীচে দাঁড়িয়ে আবিষ্কার করুন মনোরম ফিয়র্ড আর সামি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী রেনডিয়ার পালনের সংস্কৃতি। ফিনল্যান্ডে কাচের ইগলুতে রাত কাটান, আরাম করুন ঐতিহ্যবাহী সাউনায়। আইসল্যান্ডে হিমবাহ, আগ্নেয়গিরি আর গর্জনরত জলপ্রপাতের পটভূমিতে নর্দার্ন লাইটস যেন আঁকে এক অনন্য ক্যানভাস। অন্যদিকে রাশিয়া ও কানাডা আপনাকে নিয়ে যাবে আরও বন্য, আরও বিস্তীর্ণ প্রকৃতির কোলে - বরফে ঢাকা হ্রদ, আদিবাসী সংস্কৃতির সমৃদ্ধ উত্তরাধিকার এবং পৃথিবীর অন্যতম অন্ধকার, তারাভরা আকাশের নীচে।
ভীণা ওয়ার্ল্ডে আমরা বিশ্বাস করি, ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়; ভ্রমণ মানে এমন সব মুহূর্তকে নিজের করে নেওয়া, যা সারাজীবন হৃদয়ে থেকে যায়। নর্দার্ন লাইটসের খোঁজে এই ভ্রমণ একসঙ্গে উপহার দেয় রোমাঞ্চ, বিজ্ঞান, সংস্কৃতি আর অপরূপ সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধন। মনে করিয়ে দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ আলোর মঞ্চ আজও প্রকৃতিই নির্মাণ করে। তাই আমরা শুধু আপনাকে নর্দার্ন লাইটস দেখাই না, আমরা আলোকিত করি আপনার পৃথিবী।
কেন উজ্জ্বল হয়ে ওঠে আকাশ?
নর্দার্ন লাইটসের নীচে দাঁড়ালে এমন এক অনুভূতির জন্ম হয়, যা শুধু বিজ্ঞান দিয়ে কখনও সম্পূর্ণ ব্যাখ্যা করা যায় না।
নর্দার্ন লাইটস যেন এক অলৌকিক আলোর খেলা। অথচ এর পেছনে রয়েছে প্রকৃতির এক বিস্ময়কর বৈজ্ঞানিক প্রক্রিয়া। সবকিছুর শুরু পৃথিবী থেকে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে - সূর্যে। প্রতিদিন সূর্য থেকে মহাশূন্যে ছিটকে যায় অগণিত তড়িৎ-আধানযুক্ত কণা। পৃথিবীকে ঘিরে থাকা অদৃশ্য চৌম্বকক্ষেত্র এক সুরক্ষাবলয়ের মতো কাজ করে, এই কণাগুলিকে উত্তর ও দক্ষিণ মেরুর দিকে পরিচালিত করে। সেখানে পৃথিবীর বায়ুমণ্ডলের অনেক ওপরে অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। সেই সংঘর্ষে নির্গত শক্তিই রূপ নেয় আলোর ঝলকে। আর তখনই যেন জ্বলে ওঠে সমগ্র আকাশ। বিভিন্ন গ্যাসের কারণে আলোর রংও হয় ভিন্ন ভিন্ন। অক্সিজেন সৃষ্টি করে সবুজ আভা, আর আরও উঁচু স্তরে জন্ম দেয় উজ্জ্বল লাল রঙের। নাইট্রোজেন এনে দেয় নীল ও বেগুনি আলোর ছটা। এই রঙের মিশেল প্রতিদিনই বদলে যায়। তাই নর্দার্ন লাইটসের কোনও দুটি প্রদর্শনী কখনও একরকম হয় না।
শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই রহস্যময় আলোর নিজস্ব ব্যাখ্যা খুঁজেছে। ভাইকিংদের বিশ্বাস ছিল, এটি স্বর্গীয় যোদ্ধাদের বর্মের প্রতিফলন। সামি জনগোষ্ঠীর কাছে এই আলোর নৃত্য ছিল শক্তিশালী আত্মাদের উপস্থিতির প্রতীক। আবার পৃথিবীর নানা সংস্কৃতিতে বিশ্বাস করা হত, এই আলো সৌভাগ্যের বার্তা নিয়ে আসে কিংবা প্রিয়জনের ভালোবাসার দূত হয়ে আকাশে ভেসে ওঠে।
আজ বিজ্ঞান আমাদের জানায়, নর্দার্ন লাইটস কীভাবে সৃষ্টি হয়। কিন্তু তার নীচে দাঁড়িয়ে সেই আলোর নৃত্য যখন চোখের সামনে ধরা দেয়,
তখন উপলব্ধি হয় - কেন এই অভিজ্ঞতা মানুষকে বাকরুদ্ধ করে দেয়।
বেরিয়ে পড়ার আগে
একটু প্রস্তুতি থাকলেই আপনার আর্কটিক ভ্রমণ হয়ে উঠবে আরও আরামদায়ক, আরও স্মরণীয়।
স্তরে স্তরে পোশাক পরুন: আর্কটিক অঞ্চলের আবহাওয়া মুহূর্তে বদলে যেতে পারে। তাই থার্মাল পোশাক, গরম জ্যাকেট, গ্লাভস এবং উষ্ণ টুপি সঙ্গে রাখুন, যাতে সব সময় স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন।
ক্যামেরা প্রস্তুত রাখুন: মোবাইল ফোন বা ক্যামেরা সম্পূর্ণ চার্জ দিয়ে নিন এবং অবশ্যই সঙ্গে রাখুন একটি পাওয়ার ব্যাঙ্ক। কারণ প্রচণ্ড ঠান্ডায় ব্যাটারি স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত শেষ হয়ে যায়।
ধৈর্য ধরুন: নর্দার্ন লাইটস কোনও নির্দিষ্ট সময়ের প্রদর্শনী নয়। এটি প্রকৃতির নিজস্ব বিস্ময়। তাই অপেক্ষার প্রতিটি মুহূর্তই শেষ পর্যন্ত সার্থক হয়ে ওঠে।
দিন ছোট, অভিজ্ঞতা বিশাল: আর্কটিকে দিনের আলো কম সময় থাকে। তবে সেই সময়টুকুই ভরে ওঠে হাস্কি স্লেজ রাইড, তুষার-অভিযান আর উষ্ণ, আরামদায়ক আর্কটিক সন্ধ্যার অসাধারণ সব অভিজ্ঞতায়। বিস্ময়কে সঙ্গী করুন: আর্কটিকের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলি অনেক সময় পরিকল্পনার বাইরে জন্ম নেয়। তাই প্রকৃতিকে তার নিজের মতো করে আপনাকে বিস্মিত করার সুযোগ দিন।
আর্কটিক আপনাকে তাড়াহুড়ো করতে বলে না। বরং আহ্বান জানায় একটু ধীরে চলতে, মাথা তুলে আকাশের দিকে তাকাতে এবং প্রতিটি মুহূর্তকে নিঃশব্দে উপভোগ করতে।
এক আকাশ। ছয়টি অসাধারণ অভিজ্ঞতা।
পৃথিবীর সর্বত্র নর্দার্ন লাইটস এক প্রাকৃতিক বিস্ময়।
কিন্তু তার নীচে দাঁড়িয়ে প্রত্যেকের অনুভূতি একেবারেই আলাদা।
পৃথিবীর আর কোথাও আর্কটিকের মতো অভিজ্ঞতা নেই। এখানে শীতই গড়ে দেয় প্রকৃতির রূপ, মানুষের জীবনযাত্রা, খাদ্যসংস্কৃতি এবং প্রতিদিনের ছন্দ। হাজার হাজার বছর ধরে আদিবাসী সামি জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে গভীর সখ্যে বসবাস করে আসছে। তাদের লোককথা, সুর, ঐতিহ্য ও সংস্কৃতি আজও প্রতিটি আর্কটিক ভ্রমণকে করে তোলে আরও সমৃদ্ধ। নর্দার্ন লাইটসের বাইরেও আর্কটিকের আকর্ষণ অসীম - মনোমুগ্ধকর ফিয়র্ড ক্রুজ, রেনডিয়ার সাফারি, কাচের ইগলুতে রাত কাটানোর অভিজ্ঞতা, আগ্নেয়গিরির বিস্ময়কর ভূদৃশ্য, আর এমন এক নিস্তব্ধতা, যেখানে শুধু শোনা যায় বরফের উপর আপনার বুটের মৃদু মচমচে শব্দ। তারপর যখন ধীরে ধীরে নেমে আসে রাত, প্রকৃতি যেন প্রস্তুত হয় তার শ্রেষ্ঠ আলোর আসর সাজাতে।
নরওয়ে - ফিয়র্ড ● ট্রমসো ● সামি সংস্কৃতি ● রেনডিয়ার স্লেজ রাইড ● আর্কটিক ক্রুজ
ফিনল্যান্ড - আর্কটিক সার্কেল ● সান্তা ক্লজের নিবাস ● কাচের ইগলু ● সাউনা ● স্নো হোটেল
আইসল্যান্ড - আগ্নেয়গিরি ● হিমবাহ ● কালো বালির সৈকত ● ভূ-তাপীয় উষ্ণ প্রস্রবণ ● জলপ্রপাত
সুইডেন - আইসহোটেল ● অরোরা স্কাই স্টেশন ● আবিস্কো ● বরফে জমে যাওয়া হ্রদ ● শান্ত, নির্জন প্রাকৃতিক পরিবেশ
রাশিয়া - মুরমানস্ক ● আইসব্রেকার ভ্রমণ ● হাস্কি স্লেজ রাইড ● সেন্ট পিটার্সবার্গ ● মস্কো
কানাডা ও আলাস্কা - অসীম অরণ্য ● বরফে জমে থাকা নদী ● নির্মল অন্ধকার আকাশ ● অমলিন বন্য প্রকৃতি ● সভ্যতার কোলাহল থেকে বহু দূরের সীমান্তভূমি
যে মুহূর্তে আপনি আকাশের দিকে তাকান, সেই মুহূর্তেই যেন থমকে দাঁড়ায় সমগ্র পৃথিবী।
যে রাতে আকাশ নেচে উঠেছিল
রাত প্রায় বারোটা। তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে গেছে। আপনি দাঁড়িয়ে আছেন আর্কটিকের এক বিস্তীর্ণ প্রান্তরে, শরীরে জড়ানো এমন সব স্তরের উষ্ণ পোশাক, যা হয়তো আগে কখনও পরতে হবে বলে ভাবেননি। চারপাশে নিস্তব্ধতা। নেই যানবাহনের শব্দ। নেই শহরের আলোর ঝলকানি। নেই কোনও কোলাহল। মাথার উপরে শুধু অসংখ্য তারায় ভরা এক আকাশ। ঠিক তখনই কাছাকাছি কোথাও থেকে ভেসে আসে এক মৃদু ফিসফিসানি - "আকাশের দিকে তাকান…"।
প্রথমে কিছুই চোখে পড়ে না। তারপর, প্রায় কোনও পূর্বাভাস ছাড়াই, দিগন্তের কিনারে ভেসে ওঠে সবুজ আলোর একটি ক্ষীণ ফিতা। ধীরে ধীরে সেটি নড়তে শুরু করে। তার সঙ্গে যোগ দেয় আর-একটি। তারপর আরও একটি। মুহূর্তের মধ্যেই সবুজ, বেগুনি আর গোলাপি আলোর ঢেউয়ে জীবন্ত হয়ে ওঠে সমগ্র আকাশ। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত নিঃশব্দে বয়ে চলে আলোর অপার্থিব নৃত্য। নেই কোনও সঙ্গীত। নেই আতশবাজি। নেই কোনও বিশেষ আলোক-প্রযুক্তির কৃত্রিমতা। আছে শুধু প্রকৃতি - যে লক্ষ লক্ষ বছর ধরে আর্কটিকের আকাশজুড়ে মঞ্চস্থ করে চলেছে তার অনন্য এক মহাকাব্যিক পরিবেশনা। সেই মুহূর্তে আপনার হাততালি দিতে ইচ্ছে করে না। কথা বলতেও নয়। আপনি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন।
কোনও ছবি, কোনও ভিডিও, কোনও রিল - এই অভিজ্ঞতার জন্য আপনাকে সত্যিই প্রস্তুত করতে পারে না। ক্যামেরা শুধু আলোর রং ধরে রাখতে পারে। কিন্তু সেই অনুভূতিকে ধারণ করতে পারে একমাত্র আপনার নিজের চোখ আর মন। নর্দার্ন লাইটসের কোনও দুটি প্রদর্শনী কখনও একরকম হয় না। কোনও রাতে আলোর সরু ফিতেগুলি ধীর লয়ে ভেসে বেড়ায়, আবার কোনও রাতে দিগন্ত থেকে দিগন্ত জুড়ে ঝলমল করে ওঠে বিশাল আলোর পর্দা। প্রতিটি পরিবেশনাই সম্পূর্ণ স্বতন্ত্র, তাই প্রতিটি ভ্রমণকারীর স্মৃতিও হয়ে ওঠে একান্তই তার নিজের। অনেক পরে, যখন ছবিগুলি ভাগ করে নেওয়া হয়ে যাবে, স্যুটকেস খুলে সবকিছু আবার গুছিয়েও ফেলা হবে, তখন হয়তো আপনার মনে থাকবে না সেদিনের তাপমাত্রা কত ছিল, কিংবা ঠিক কটায় সেই বিস্ময়ের সূচনা হয়েছিল। কিন্তু একটি রাতের কথা আপনি কোনও দিন ভুলবেন না - যে রাতে আর্কটিকের আকাশ নিজেই নেচে ওঠার সিদ্ধান্ত নিয়েছিল।
আপনার আর্কটিক। আপনার মতো করেই।
আপনি যেভাবেই ভ্রমণ করতে ভালোবাসুন না কেন… আপনার জন্য অপেক্ষা করছে ভীণা ওয়ার্ল্ডের এক অনন্য আর্কটিক অভিজ্ঞতা।
প্রত্যেক ভ্রমণপিপাসীর ভ্রমণের ধরন আলাদা। আর সেই কারণেই ভীণা ওয়ার্ল্ডে নর্দার্ন লাইটসের প্রতিটি সফরও হতে পারে সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আপনার মতো। আপনি যদি এসকর্টেড গ্রুপ ট্যুরের আন্তরিক সঙ্গ ও নিশ্চিন্ত পরিকল্পনা পছন্দ করেন, কিংবা নিজের ইচ্ছেমতো সাজানো কাস্টমাইজড হলিডের স্বাধীনতা খোঁজেন; যদি উইমেন্স স্পেশাল ট্যুরের সহযাত্রিতা আপনাকে টানে, অথবা বয়স্কদের জন্য বিশেষভাবে পরিকল্পিত আরামদায়ক ভ্রমণসূচিই আপনার পছন্দ হয়; এমনকি যদি বৃহৎ পরিসরের কর্পোরেট ইনসেনটিভ অভিজ্ঞতার অংশ হতে চান - তাহলেও আপনার জন্য প্রস্তুত রয়েছে এক বিশেষ আর্কটিক সফর। আর আপনি যদি পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই যাত্রা শুরু করেন, তাহলেও আপনার সুবিধাজনক পছন্দের গেটওয়ে থেকে ভীণা ওয়ার্ল্ডের নর্দার্ন লাইটস ভ্রমণে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।
আবিষ্কার করুন অরোরা কালেকশন
- গ্রুপ ট্যুর ● কাস্টমাইজড হলিডে
- কর্পোরেট ও ইনসেনটিভ ট্যুর (MICE)
যেখানে শীতই জীবনের অংশ
আর্কটিক পৃথিবীর আর পাঁচটা জায়গার মতো নয়। নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, আলাস্কা, কানাডা এবং রাশিয়ার একাংশ জুড়ে বিস্তৃত এই অঞ্চল এমন এক ভূখণ্ড, যেখানে আজও প্রকৃতিই মানুষের প্রতিদিনের জীবনকে গড়ে দেয়। এখানে শীত শুধু একটি ঋতু নয় - শীতই নির্ধারণ করে প্রকৃতির রূপ, মানুষের ঐতিহ্য, স্থাপত্য, খাদ্যসংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের ছন্দ।
গ্রীষ্মের একটি সময়ে এখানে সূর্য প্রায় অস্তই যায় না - সেই বিস্ময়কর মিডনাইট সান। তারপর আসে শীত। দীর্ঘ রাত্রি ধীরে ধীরে চারপাশকে গ্রাস করে, আর প্রকৃতি বদলে যায় এক অপরূপ রূপকথার দেশে - বরফে ঢাকা অরণ্য, জমে যাওয়া হ্রদ, আকাশছোঁয়া ফিয়র্ড আর শুভ্র তুষারে মোড়া পর্বতমালা যেন নতুন এক পৃথিবীর জন্ম দেয়। হাজার হাজার বছর ধরে আদিবাসী সামি জনগোষ্ঠী প্রকৃতির সঙ্গে গভীর সখ্যে বসবাস করে আসছে। রেনডিয়ারের পরিযায়ী চলাচলের পথ অনুসরণ করে তারা গড়ে তুলেছে এক অনন্য জীবনধারা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে আগলে রেখেছে এমন সব ঐতিহ্য, যা আজও আর্কটিক ভ্রমণকে আরও সমৃদ্ধ করে তোলে। তাদের সংগীত, হস্তশিল্প এবং লোককথা এমন এক সংস্কৃতির সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়, যার ভিত গড়ে উঠেছে প্রতিকূলতার বিরুদ্ধে অদম্য মানসিক শক্তি এবং প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধাবোধের উপর। আর্কটিক শুধু বরফ আর মনোরম দৃশ্যের সমাহার নয় - এখানে আপনি দাঁড়াতে পারেন আর্কটিক সার্কেল-এ, রোভানিয়েমিতে দেখা করতে পারেন সান্তা ক্লজ-এর সঙ্গে, নরওয়ের শ্বাসরুদ্ধকর ফিয়র্ডে ক্রুজে ভেসে বেড়াতে পারেন, কাচের ইগলুর নীচে রাত কাটাতে পারেন, কিংবা এমন সব ভূদৃশ্য আবিষ্কার করতে পারেন, যেখানে আগ্নেয়গিরি, হিমবাহ এবং জলপ্রপাত একই সঙ্গে সহাবস্থান করছে। এখানকার খাদ্যসংস্কৃতিও এই প্রকৃতিরই প্রতিচ্ছবি - টাটকা সামুদ্রিক মাছ, আর্কটিক অঞ্চলের বেরি, স্মোকড স্যামন এবং উত্তরাঞ্চলের জলবায়ুর উপযোগী স্থানীয় উপকরণে তৈরি নানা সুস্বাদু পদ।
তবে আর্কটিকের সবচেয়ে বড় বিলাসিতা হয়তো এমন এক সম্পদ, যার ছবি কোনও ক্যামেরায় ধরা যায় না - তার গভীর, নির্মল নীরবতা। এমনও মুহূর্ত আসে, যখন আপনার বুটের নীচে বরফের মচমচে শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না।
আর যখন অবশেষে নেমে আসে রাতের অন্ধকার, তখন প্রকৃতি প্রস্তুত হয় তার সবচেয়ে মহিমান্বিত পরিবেশনার জন্য। নর্দার্ন লাইটসই হয়তো অনেকের কাছে আর্কটিকে আসার প্রথম প্রেরণা। কিন্তু এখানে এসে খুব দ্রুতই বোঝা যায় - এই বিস্ময়কর অঞ্চল শুধু নর্দার্ন লাইটসেই সীমাবদ্ধ নয়; এর আকর্ষণ, এর অভিজ্ঞতা এবং এর সৌন্দর্য তারও বহু গুণ বেশি।
জানেন কি?
নর্দার্ন লাইটস সম্পর্কে যত বেশি জানবেন, ততই এই বিস্ময়ের টান এড়িয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠবে।
- শুধু পৃথিবীতেই নয়, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন গ্রহেও অরোরা দেখা যায়। তবে বৃহস্পতির অরোরা পৃথিবীর অরোরার তুলনায় শত শত গুণ বেশি শক্তিশালী।
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (International Space Station) এমন উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে, যেখান থেকে নভোচারীরা কখনও কখনও নর্দার্ন লাইটসকে ওপরে নয়, বরং নীচের দিকে তাকিয়ে দেখতে পান।
- সবুজ রংই অরোরার সবচেয়ে পরিচিত রং। তবে সূর্য থেকে আসা আধানযুক্ত কণাগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে লাল, বেগুনি এবং নীল রঙের অরোরাও সৃষ্টি হয়।
- ভাইকিংদের বিশ্বাস ছিল, এই আলোর আভা স্বর্গীয় যোদ্ধাদের বর্মের প্রতিফলন। অন্যদিকে সামি জনগোষ্ঠী একে এক শক্তিশালী আত্মার প্রকাশ বলে মনে করত এবং গভীর শ্রদ্ধার সঙ্গে দেখত।
- প্রায় তিন হাজার বছর আগের প্রাচীন চীনা লেখায় রাতের আকাশে রহস্যময় ‘পাঁচ রঙের আলো’-র উল্লেখ পাওয়া যায়। এটিই অরোরার প্রাচীনতম লিখিত বিবরণগুলির অন্যতম বলে মনে করা হয়।
- অনেক সময় মোবাইল ফোন বা ক্যামেরায় নর্দার্ন লাইটস বাস্তবের তুলনায় আরও উজ্জ্বল ও রঙিন দেখায়। কারণ ক্যামেরার সেন্সর মানুষের চোখের তুলনায় আলোকে ভিন্নভাবে গ্রহণ ও ধারণ করে।
স্মরণীয় মুহূর্ত গড়ে তোলার আপনার ভ্রমণসঙ্গী — ভীণা ওয়ার্ল্ড ট্যুর ম্যানেজার
প্রতিটি ভ্রমণগন্তব্যেই এমন একটি মুহূর্ত থাকে, যার জন্য অতিথিরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। আর্কটিকে সেই মুহূর্তটি হল - যখন প্রথমবারের মতো আকাশে দেখা দেয় নর্দার্ন লাইটস। প্রকৃতিই ঠিক করে, কখন এই অপার্থিব আলোর প্রদর্শনী শুরু হবে। আর সেই কারণেই আপনি পৌঁছনোর অনেক আগেই আমরা প্রতিটি খুঁটিনাটি পরিকল্পনা করে রাখি, যাতে এই বিস্ময়কে প্রত্যক্ষ করার সর্বোত্তম সম্ভাবনা আপনার সামনে তৈরি হয়।
যখন কেউ নিঃশব্দে বলে ওঠে, "আকাশের দিকে তাকান…", তখন আমি আকাশের দিকে তাকাই না। আমি তাকিয়ে থাকি আপনার দিকে। কারণ আপনার সেই বিস্ময়ভরা হাসি, সেই নিঃশব্দ মুগ্ধতা, সেই চোখে ধরা পড়া অবিশ্বাস্য আনন্দ - সেই মুহূর্তগুলিই আমাকে বারবার অতিথিদের নিয়ে আর্কটিকে ফিরিয়ে আনে।
























































Post your Comment
Please let us know your thoughts on this story by leaving a comment.